273887

বাংলাদেশ কিছুক্ষণ পরই মাঠে নামছে

স্পোর্টস ডেস্ক।। কিছুক্ষণ পর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নেমে পড়বে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজে এখনো কোন জয় না পাওয়া টাইগাররা ভালো খেলতে মরিয়া ওয়েলিংটনে। এখানে খেলা সবশেষ টেস্টে বেশ কিছু ভালো স্মৃতি আছে বাংলাদেশের। তবে এই ভেন্যুতে দেখা হওয়া সব টেস্টেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড।

কিউই পাখিদের দেশে বাংলাদেশের এটা ৫ম সফর। তবে এখন পর্যন্ত কোন জয়ের মুখ দেখেনি টাইগাররা। টেস্ট তো দূরে থাক ওয়ানডে বা টি-টোয়েন্টিতেও জয়ের কাছাকাছি যেতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। আকরাম-বুলবুলরা পারেন নি, পাইলট-সুজনরা ব্যর্থ, সুমন-আশরাফুলরাও একই পথের পথিক। সাকিব-মাশরাফিরা হেঁটেছেন অগ্রজদের দেখানো পথেই। ব্ল্যাক ক্যাপদের মাঠ তাই জলজ্যান্ত বিভীষিকার নাম বাংলাদেশের ক্রিকেট দলের কাছে।

তবে সুখস্মৃতি একেবারেই যে নেই তা কিন্তু না। জয়ের তিলক কপালে আঁকতে না পারলেও লড়াইটা জমাতে পেরেছিলেন তারা। ২০১৭ এর শেষ সফরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে জয়ের সমান একটা টেস্ট ড্রয়ের স্বপ্ন এঁকেছিল টাইগাররা। সাকিব-মুশফিকের ৩৫৯ রানের জুটিতে ৫৯৫ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকের ব্যাট থেকে এসেছিলো ১৫৯ আর সাকিব আল হাসানের ঝুলিতে ছিলো ডাবল সেঞ্চুরি। ওয়েলিংটনের দমকা বাতাসের মুখোমুখি হওয়ার আগে এখান থেকেই যা একটু অনুপ্রেরণা নিতে পারে মাহমুদুল্লাহ বাহিনী। যদিও সেই ঘটনার কোন কুশীলবই থাকছেন না এ টেস্টের স্কোয়াডে।

স্বভাবগত ভাবে এখানকার উইকেটে একটা সবুজাভ ভাব থাকে। আর শুরুতে সবসময়ই সুবিধা পায় পেসাররা। তাই উইকেটের হিসেবে স্পিনারদের চেয়ে অনেক এগিয়ে গতিময় বোলাররা। ১৪ টেস্টে খেলে সবচেয়ে বেশি ৬০ টি উইকেট ক্রিস মার্টিনের। আর ২১ ম্যাচে ৫৭ উইকেট বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির। ১২ ম্যাচে ৫৩ উইকেট নিয়ে এরপরের স্থানে আছেন কিউই কিংবদন্তী রিচার্ড হ্যাডলি। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারকে আউট করে এ মাঠেই ৩০০ উইকেট নেন হ্যাডলি। আর একাদশে থাকা তিন কিউই পেসার সাউদি-বোল্ট এবং ওয়াগনারের শিকার ২৬ টেস্টে ৯৫ উইকেট।

এ মাঠ বোলারদের জন্য পয়া হলেও একেবারে খালি হাতে ফেরেনি ব্যাটসম্যানরা। ১১টি ডাবল সেঞ্চুরি আছে এ মাঠে যার ৫টি-ই করেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। বেসিন রিজার্ভে ট্রিপল সেঞ্চুরি আছে ব্র্যান্ডন ম্যাককালামের। শ্রীলঙ্কার বিপক্ষে কিছুদিন আগে এ মাঠে ২৬৪ রান করা টম লাথাম আছেন এ টেস্টের একাদশেও। এর আগের দেখায় টাইগারদের বিপক্ষে এ মাঠে ১৭৭ করেছিলেন তিনি।

ব্যাটসম্যান বা বোলার যাই বলা হোক না কেন, খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। মুশির ইনজুরি, সঙ্গে একেবারে অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে বেসিন রিজার্ভে কোন অঘটনের স্বপ্ন দেখছেনা বাংলাদেশ। কিউই তোপ সামলে লড়াই করাটাই আপাতত মূল লক্ষ্য। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত