এখনও খোঁজ মেলেনি বুড়িগঙ্গায় নিখোঁজ একই পরিবারের ছয়জনের
নিউজ ডেস্ক : প্রায় সাড়ে ১২ ঘণ্টার মতো সময় পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের ছয়জনের। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চললেও লঞ্চ চলাচলের কারণে উদ্ধার কাজ করতে ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে শাহজালাল নামে একজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন একই পরিবারের ছয় সদস্য। সাঁতরে তীরে উঠলেও লঞ্চের পাখায় শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিখোঁজরা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (২৮), মেয়ে মিম (৮), মেয়ে মাহী( ৬), ৩ মাস বয়সের একটি ছেলে সন্তান, ভাগনী জামশিদা (২০) ও ভাগনী জামাই দেলোয়ার (৩৫)।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত শাহজালালকে তারা উদ্ধার করে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে একযাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকি ৬ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নৌকার যাত্রীরা শরীয়তপুরের ভেদরগঞ্জ যাওয়ার জন্য কামরাঙ্গীরচর থেকে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ সুরভী ৭ এর ধাক্কায় ডুবে যায় নৌকাটি।




