গ্রামবাসীদের দেওয়া কথা রাখলেন মাশরাফি (ভিডিও)
নিউজ ডেস্ক : মধুমতি নদীর ভাঙনে নিঃস্ব নড়াইলের লোহাগড়া উপজেলার শত শত পরিবার। ভাঙন অব্যাহত থাকায় দিশেহারা গ্রামবাসী। নির্বাচনী প্রচারণার সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কথা দিয়েছিলেন, ভাঙন এলাকার জন্য কিছু করবেন। অবশেষে কথা রাখলেন মাশরাফি। সম্প্রতি উপজেলার ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন ও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মাশরাফি।
লোহাগড়ার কোটাকোল ইউপির ঘাঘা, যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং পরে জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা,আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে যোগিয়া এলাকার বাসিন্দারা সংসদ সদস্যের নিকট একটি সড়কের দাবি জানালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সড়কটির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই এলাকায় বিদ্যুৎ না থাকার সমস্যার কথা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মাশরাফি।
গত ২৮ ফেব্রুয়ারি ভাঙন এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ।
https://www.youtube.com/watch?v=Aauua_-NpjU




