273518

২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই বাংলাদেশ-সৌদি আরবের

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সৌদি প্রতিনিধিদলের সংলাপ অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

সংলাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সৌদি আরবের দুই মন্ত্রীসহ ৩৪ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

সৌদি আরব বাংলাদেশে ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত বলে সংলাপ শেষে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। সংলাপে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী আল কাসাবি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে ‘এশিয়ান টাইগার’ হিসেবে উল্লেখ করে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়টি ‘গুরুত্বের’ সঙ্গে দেখছে।

তিনি আরও বলেন, ‘আমরা এ দেশে এসেছি কাজের বিভিন্ন দিক খুঁজে বের করতে। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতে।’ দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহও প্রকাশ করে বাংলাদেশি ব্যবসায়ীদের রিয়াদে আমন্ত্রণ জানান মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি। ‘আমি আপনাদের বলতে চাই- এর মাধ্যমে সৌদি-বাংলাদেশ সম্পর্কে একটি নতুন অধ্যায় সৃষ্টি হলো,’ যোগ করেন সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী।

ad

পাঠকের মতামত