273532

মিথ্যা বলছেন ইলিয়াস কাঞ্চন, দাবি মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পিস্তল ও গুলি ধরা না পড়ার প্রসঙ্গে একের পর এক মিথ্য বলছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (৫ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে পিস্তল ও গুলি ধরা না পড়ার প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, ‘ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যাই। এরই মধ্যে বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয়। নভোএয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি।’

তিনি আরও বলেছিলেন, ‘তাৎক্ষণিক শাহজালাল কর্তৃপক্ষ আমার কাছে দুঃখ প্রকাশ করে। প্রথম স্ক্যানার পার হওয়ার পরে মনে পড়ায় আমিই তাদের কাছে গিয়েছি। কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি।’ কিন্তু সত্য ঘটনা হলো, নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে অন্যায়ভাবে একেরপর এক অসত্য কথা বলছেন ইলিয়াস কাঞ্চন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে; ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা অস্ত্র ‍ও গুলি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় তা শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।

চট্টগ্রামে যাওয়ার জন্য গত মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন ইলিয়াস কাঞ্চন। টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে ৯ এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি ব্যাগে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত