শপথ নিলেন গণফোরাম নেতা সুলতান মনসুর
নিউজ ডেস্ক।। একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ শেষে তার জন্য চা নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।
সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়ী হলেও জোটের সিদ্ধান্ত না থাকায় এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে সুলতান মনসুর।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদল গণফোরামের দুই বিজয়ীদের শপথ নিয়ে চলছিল নানা নাটকীয়তা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দুই বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে পিছু হটলেন মোকাব্বির খান। বুধবার বিকেলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মোকাব্বির খান আজ শপথ নিচ্ছেন না। তবে সুলতান মনসুর শপথ নিবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
শপথ না নেয়া প্রসঙ্গে মোকাব্বির খান বলেন, ‘আমি এলাকার জনগণের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার উপস্থিতিতে গণফোরামের দলীয় সিদ্ধান্ত হয়েছে- ৭ মার্চ শপথ না নেয়ার। এজন্য আমি তারিখ পাল্টিয়েছি। তাহলে কি একেবারেই শপথ নিবেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই শপথ নেবেন না’ এমন কথা বলছেন না মোকাব্বির। পরে সুযোগ সুবিধা অনুযায়ী দলীয় ফোরামে আলোচনা করে শপথের দিন-তারিখ ঠিক করব।’
দল থেকে বহিষ্কার কিংবা দলীয় চাপেই শপথের সিদ্ধান্ত পাল্টেছেন কি না- এই প্রশ্নে তিনি বলেন, ‘আজকের দলীয় ফোরামের সভায় স্যার (ড. কামাল) ছিলেন; সাধারণ সম্পাদক ছিলেন। আমিও প্রেসিডিয়াম সদস্য হিসেবেও উপস্থিত ছিলাম। এখন দল যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে নিয়েছি। পরে দলকে বুঝিয়ে, আলোচনা করে শপথের বিষয়ে পরবর্তী তারিখ নেব। আমি এলাকার জনগণের মানুষের প্রতিনিধিত্ব করছি, তাদের প্রতি শ্রদ্ধাশীল।




