271159

ভারতীয়দের নতুন মিনতি, অভিনন্দনের গোঁফ চাই

পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহসিকতার প্রশংসায় পুরো ভারত। নিজেদের অনুপ্রেরণায় বার বার জপে যাচ্ছেন অভিনন্দনের নাম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজনৈতিক নেতা এমনকি পুরো বিশ্বে তিনি এখন পরিচিত ‘রিয়েল হিরো’ হিসেবে। এবার ভারতীয় চর্চায় স্থান পেয়েছে তার গোঁফ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, গত শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে ভারতে ফেরেন অভিনন্দন বর্তমান। আর শনিবার ভোর হতে না হতেই মোবাইলে ‘শুভ সকাল’ বার্তার সঙ্গে স্থান পেয়েছে অভিনন্দনের ট্রেডমার্ক গোঁফের রেখাচিত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার গোঁফের সেই কার্টুন। গোঁফের ছবির পাশে কোথাও লেখা, ‘সাহসের নতুন প্রতীক’, কোথাও বা ‘গোঁফ দিয়ে যায় চেনা’।

কোনো ছবিতে আবার গোঁফে ভর দিয়ে উড়ে যাচ্ছে ভারতীয় বায়ুসেনার মিগ বিমান।শুধু ভার্চুয়াল দুনিয়া নয়, সংবাদ সংস্থা জানাচ্ছে, শনিবার সকাল থেকেই সেলুনে সেলুনে ভিড় করছেন তরুন-যুবকরা। তাদের একটাই মিনতি, অভিনন্দনের মতো বাহারি গোঁফ করে দিন। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারের গোঁফের ধাঁচে নিজেদের সাজাতে উঠেপড়ে লেগেছেন তারা।

রাস্তার ধারে সেলুন থেকে কেতাদুরস্ত বিউটি পার্লার, সব জায়গাতেই ‘অভিনন্দন স্টাইল’ এর জোর কদর। এক ভারতীয় নাগরিক টুইট করেন, ‘অভিনন্দনের গোঁফজোড়া এখন একটি ট্রেন্ড। পার্লারে প্রবেশ মাত্রই আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, “অভিনন্দন কাট চাহিয়ে?” তা হলে আশ্চর্য হবেন না।’

অভিনন্দনের গোঁফের যে ধরন, তার পোশাকি নাম ‘গানস্লিংগার’। অনেক দক্ষিণ ভারতীয়ই এ ধরনের গোঁফ রাখেন। আর সেনাবাহিনীতে বাহারি গোঁফের তো আলাদা কদর। বিপণন কর্তারা অনেকে মনে করছেন, অভিনন্দন এখন নিজেই এক ‘ব্র্যান্ড’। ভারতীয় পৌরুষের নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি এবং তার মতো হতে চাওয়ার বাসনায় এখন তার মতো গোঁফ রাখারও হিড়িক পড়েছে।

ad

পাঠকের মতামত