269625

মধুমতির ভাঙন কবলিত এলাকায় মাশরাফি

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।বৃহস্পতিবার তিনি লোহাগড়া উপজেলার নদীভাঙন কবলিত কোটাকোল ইউনিয়নের ঘাঘা এবং জয়পুর ইউনিয়নের বিলটিয়ার বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। এসময় ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।মাশরাফি পায়ে হেটে নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন। পরে স্থানীয়দের খোঁজখবর নেন। তাদেরকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মাশরাফির উপস্থিতি টের পেয়ে শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধরা মাশরাফির সাথে সেলফি তোলেন।যোগিয়া এলাকায় স্থানীয়রা সংসদ সদস্যর কাছে একটি সড়কের দাবি জানালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যার কথা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, পানি উন্নয়ন বর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু ও দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।এছাড়া এদিন একটি বে-সরকারি হাসপাতালের উদ্বোধন করেন। লোহাগড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং রোগীদের সাথেও কথা বলেন মাশরাফি।প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় মাশরাফি প্রতিশ্রতি দিয়েছিলেন তিনি জয়ী হতে পারলে এলাকার নদী ভাঙনরোধে কাজ করবেন।

ad

পাঠকের মতামত