দুই দন্ত চিকিৎসক চেম্বারেই দগ্ধ হয়ে মারা গেছেন
নিউজ ডেস্ক।। পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতের ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ডা. ইমতিয়াজ ইমরোজ ও ডা. মো. আশরাফুল হক নামে দুই ডেন্টাল সার্জন। ঘটনার সময় তারা চেম্বারে রোগী দেখছিলেন। নিহত দুই সার্জন ছিলেন বাংলাদেশ ডেন্টাল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী। দুজনই বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে পাস করে চকবাজারে প্রাইভেট প্রাকটিস শুরু করেন। অগ্নিকাণ্ডের সময় তারা দুজনই মদিনা মেডিক্যাল হল ও ডেন্টাল ক্লিনিকে কর্মরত ছিলেন। ডেন্টাল চিকিৎসকদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘প্ল্যাটফর্ম’ তাদের মৃত্যু নিশ্চিত করে শোকবার্তা জানিয়েছে।
গতকাল বুধবার রাতে চকবাজারে প্রথম যে চার তলা ভবনে আগুন লাগে, তার উল্টোদিকের ভবনে আল মদিনা মেডিক্যাল ও ডেন্টাল ক্লিনিক। আগুন ওই ভবনেও ছড়িয়ে পড়ে। এসময় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক কাওসার আহমেদসহ আরও তিন জন ছিলেন। সেখানে চিকিৎসা নিতে আসা সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী কাজী এনামুল হকও দগ্ধ হয়ে নিহত হন। এনামুলের ভাই চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কাজী ইউসুফ তার পরিচয় নিশ্চিত করেন।
গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খব জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।




