265939

ভাঙা হাতে রড দেখে ভাইকে চিনলেন বোন

নিউজ ডেস্ক।। চুড়িহাট্টা এলাকার ‘খান প্লাস্টিক’ এর কর্নধার রনি খান (২৮)। ওই এলাকার আব্দুল আজিজ খানের ছেলে তিনি। ঢাকা মেডিকেলের মর্গে তার হাতে অপারেশন করে বসানো রড দেখে তাকে শনাক্ত করেছেন বোন অ্যাডভোকেট শ্যামলি আক্তার। মর্গের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, হাতে অপারেশনের রড দেখে চিনেছি ও আমার ভাই। বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনায় হাতের হাড় ভেঙে যায় রনির। পরে চিকিৎসকের পরামর্শে অপারেশন হয় তার। সে সময় ডান হাতে রড ঢুকিয়ে দেয়া হয়।

ঘটনার সময় দোকান বন্ধ করে বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রনি। ঠিক সে সময়ে আগুন তাকে ঘিরে ফেলে বলে জানিয়েছেন তার দোকানের কর্মচারী কাউছার। কাউছার দৌড়ে জীবন বাঁচাতে পারলেও সেখান থেকে সরে যেতে পারেননি রনি। রনির গ্রামের বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার কাজিয়ার চরের আকনকান্দিতে। তিন বছর আগে বিয়ে করেন তিনি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ad

পাঠকের মতামত