265153

পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনা কমাতে আগ্রহী সৌদি আরব

নিউজ ডেস্ক।। পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরব। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চপর্যায়ের এক সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই অঙ্গীকার করেন। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমাদের উদ্দেশ্য হলো প্রতিবেশি দুটি দেশের মধ্যে উত্তেজনা কমাতে সাহায্য করা। এবং দুই দেশের মধ্যে যেসব ভিন্নতা রয়েছে তা শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খুঁজে বের করা।

সোমবার সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান(এমবিএস) ভারতের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করবেন। রোববার তিনি দুইদিনের সফরে পাকিস্তানে আসেন। এসময় বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ২০ বিলিয়ন ডলারের সৌদি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানকে সহায়তা প্রদানে এই চুক্তি করা হয়। এমবিএসের ভারত সফরের আগে পাক-ভারত শান্তি প্রতিষ্ঠায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই অঙ্গীকার কতটা কার্যকর হবে তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোন গতি নাই।

উল্লেখ্য, গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪১ জন সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। ভারত সন্ত্রাসী এই সংগঠনটিকে প্রশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে এবং এই হামলার জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে দেয়। এছাড়া ভারতীয় জনগণও পাকিস্তানকে চরম শিক্ষা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। যদিও পাকিস্তান বরাবরই ভারতের এই অভিযোগ অস্বীকার করে এসেছে। এহেন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সৌদি আরব দুই শত্রু দেশের মধ্যে শান্তির দূতের ভূমিকা পালন করার অঙ্গীকার করছে।

ad

পাঠকের মতামত