263958

সবচেয়ে দামি মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ঢাকা তথা দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ৫০ ওভারের আসর ‘ঢাকা প্রিমিয়ার লিগ’। আগামী সোমবার হবে এ আসরের প্লেয়ার্স ড্রাফট। আগেই জানা দেশের ক্রিকেটের পাঁচ শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম মাহমুদউল্লাহ রিয়াদ তথা ‘পঞ্চ পান্ডবে’র এবারের ঢাকা লিগ খেলার সম্ভাবনা কম। এর মধ্যে তামিম ও মুশফিক আগে ভাগেই বিসিবিকে জানিয়ে দিয়েছেন যে, তারা এবারের প্রিমিয়ার লিগ খেলবেন না। বিসিবিও তাদের সে আবেদন গ্রহণ করেছে।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে যারা ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলছেন, তাদেরও বিশ্রাম দেয়ার কথা ভাবা হচ্ছে। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা প্রিমিয়ার লিগের এবারের (২০১৯) আসর আসলে খেলবেন কোন সব তারকারা?মাশরাফি বিপিএল ফাইনালের দিন রাতেই জানিয়ে রেখেছেন, তিনি প্রিমিয়ার লিগ খেলবেন। তবে পুরো লিগ নয়। হয় প্রথম পর্বের শেষ দিকে না হয় সুপার লিগের শুরু থেকে খেলার ইচ্ছে আছে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির সে ইচ্ছেই হয়ত বাস্তব রুপ পেতে যাচ্ছে। চ্যাম্পিয়ন ও গত লিগের সর্বোচ্চ উইকেটশিকারী মাশরাফিকে প্লেয়ার্স রিটেইন তালিকায় এক নম্বরে রেখেছে তার ক্লাব আবাহনী। বলার অপেক্ষা রাখে না, এবারের দলবদলে হবে প্লেয়ার্স ড্রাফটে। সেখানে প্রতি দল আগের বছর খেলা তিনজনকে এবারো দলে ধরে রাখতে পারবে।

এরই মধ্যে ১০টি প্রতিযোগী দলই এবারের লিগের জন্য তিনজন করে খেলোয়াড় তালিকা বোর্ডে জমা দিয়েছে। ইতিমধ্যে বোর্ড তাদের এবারের পারিশ্রমিক ও ঠিক করে ফেলেছে। মাশরাফি অবশ্যই রয়েছেন ‘এ+’ ক্যাটাগরিতে। ঐ ক্যাটাগরিতে তার পারিশ্রমিক হলো অন্য সবার চেয়ে বেশি ৩৫ লাখ টাকা। নিয়ম অনুযায়ী, এর অর্ধেক মানে ১৮ লাখ টাকা প্লেয়ার্স ড্রাফটের আগে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যে তাকে দিয়ে দিতে হবে।

দেখে নিন ঢাকা প্রিমিয়ার লীগের ধরে রাখা ক্রিকেটারদের মূল্য তালিকা: আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মর্তুজা (৩৫ লাখ টাকা), মোসাদ্দেক হোসেন সৈকত (২০ লাখ টাকা), নাজমুল হোসেন শান্ত (২২ লাখ টাকা) শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান (২০ লাখ টাকা), নুরুল হাসান সোহান (২০ লাখ টাকা), তানবীর হায়দার (১৮ লাখ টাকা) লিজেন্ডস অব রুপগঞ্জ: নাঈম ইসলাম (২১ লাখ টাকা), আসিফ হাসান (১২ লাখ টাকা), নাঈম শেখ (১২ লাখ টাকা)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা (২২ লাখ টাকা), মার্শাল আইয়্যুব (২২ লাখ টাকা), আরাফাত সানি (১৯ লাখ টাকা) খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি (১২ লাখ টাকা), মাহিদুল ইসলাম অঙ্কন (৫ লাখ টাকা), তানভীর ইসলাম (৫ লাখ টাকা) গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস (২৫ লাখ টাকা), আবু হায়দার রনি (১৮ লাখ টাকা), মেহেদি হাসান (১৭ লাখ টাকা)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান (১৫ লাখ টাকা), কাজী অনিক (৮ লাখ টাকা), ইরফান শুক্কুর (১৩ লাখ টাকা) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক (২০ লাখ টাকা), জাকির হাসান (১৪ লাখ টাকা), আল-আমিন জুনিয়র (২২ লাখ টাকা) শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম (২০ লাখ টাকা), আফিফ হোসেন ধ্রুব (১৩ লাখ টাকা), তৌহিদ হৃদয় (৮ লাখ টাকা) ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিকী (১৮ লাখ টাকা), মিজানুর রহমান (১৫ লাখ টাকা), ইয়াসির আলি (১৫ লাখ টাকা)

ad

পাঠকের মতামত