হাতি চড়ে মনোনয়নপত্র জমা!
দিনাজপুরে হাতির পিঠে চড়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় তার কাঁধে লাঙ্গল ছিল।বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে জেলার খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত উদ্দিন চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন।এর আগে তিনি শহরের ফকিরপাড়ার বাড়ি থেকে গলায় ফুলের মালা ও কাঁধে লাঙ্গল আর সুসজ্জিত হাতির পিঠে চড়ে জেলা শহরের ভেতর দিয়ে নির্বাচন কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় রাস্তায় উৎসুক জনতাকেও ভিড় করতে দেখা যায়।
রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের পক্ষে মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান।মনোনয়নপত্র জমার শেষে মোনাজাত হোসেন চৌধুরী জানান, জাতীয় পার্টি বর্তমানে সংসদের বিরোধী দল হিসেবে দায়িত্বপালন করছে। তাই অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে এই আয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি মহাজোটের শরিক দল তাই গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলাম। দলের সিন্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের একদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। এবার খানসামা উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের কোনো প্রার্থী দেবে না বলেও আমাকে আশ্বস্ত করেছিল। আওয়ামী লীগ দলীয় প্রার্থী না দিয়ে আমাকে সমর্থন দেবে বলে আশা করি।
জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার মহিলা কাউন্সিলর লাইজু, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, খানসামা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি রুস্তম আলী, রেজাউল করিম রাজা, আসাদুল হাসান, মামুনূর রশিদ, আজগর আলী প্রমুখ।উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ ১৮ মার্চ।




