ইডেন কলেজের সাবেক অধ্যক্ষক মাহফুজাকে শ্বাসরোধে হত্যা, ‘ঠোঁটে ও মুখে আঘাতের চিহ্ন, ’
নিউজ ডেস্ক।। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে (৬০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহফুজার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে ঢামেকের ফরেনসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ পরিবর্তন ডটকমকে বলেন, মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মাহফুজাকে হত্যা করা হয়েছে। দুই বা ততোধিক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
তিনি বলেন, নিহতের হাতের একটি আঙ্গুল ভাঙা ছিল। এছাড়া তার ঠোঁটে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হয়েছে তার সঙ্গে অনেক ধস্তাধস্তি করা হয়েছে। একজনের পক্ষে এ ঘটনা ঘটানো সম্ভব নয়, হত্যাকাণ্ডে দুই বা ততোধিক ব্যক্তি অংশ নিয়েছিল। নিহতের সুরতহাল রিপোর্টে নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে উল্লেখ করেন, তার মুখে রক্ত ছিল, হাতের কয়েকটি আঙ্গুলে কালো দাগ দেখা গেছে। রিপোর্টে আরো বলা হয়, রোববার বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। সে সময় নিহতের স্বামী-সন্তানরা বাসায় ছিলেন না। বাসার গৃহকর্মী ও অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তাকে শ্বাসরোধে হত্যা করেছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে মাহফুজার স্বামী ইসমত কাদের চৌধুরী বাদি হয়ে বাসার দুই গৃহকর্মীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে নিউমার্কেট থানায় এ মামলা করেছেন। নিউমার্কেট থানার উপপরিদর্শক আতিকুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, রূপা ওরফে রেশমা ও স্বপ্না নামে দুই গৃহকর্মীর নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্বামী।
তিনি বলেন, ওই দুই গৃহকর্মী হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রসঙ্গত, রোববার রাতে এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসা থেকে মাহফুজার লাশ উদ্ধার করা হয়। উৎস: পরিবর্তন।




