দুদককে প্রশিক্ষণ দেবে ভারতের সিবিআই
প্রতিবেশী বন্ধুদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বুধবার তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। গত ৭ জানুয়ারি শপথ নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।পররাষ্টমন্ত্রীর এই সফরে দু দেশের মধ্যে একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর একটি হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি। তাদের প্রশিক্ষণ দেবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’ এ খবর জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দিল্লিতে পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে অংশগ্রহণ করার পাশাপশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।এক প্রতিবেদনে আনন্দবাজার বলছে, ওই বৈঠকে দু’দেশের মধ্যে চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে, যার একটি হচ্ছে সিবিআইয়ের প্রশিক্ষণ সংক্রান্ত। এই চুক্তির মাধ্যমে সিবিআই প্রশিক্ষণ দেবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে।
দ্বিতীয় সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হবে নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের।তৃতীয় চুক্তিটি হবে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ নেওয়া সংক্রান্ত। চতুর্থ চুক্তিটি হচ্ছে বাংলাদেশের মংলা বন্দরের কাছে ভারতের একটি ‘ইপিজেড’ (রপ্তানি সহায়ক অঞ্চল) তৈরির ওপর। সূত্র আনন্দবাজার




