‘গণধর্ষণের ঘটনাগুলো এক সূত্রে গাঁথা’
নিউজ ডেস্ক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাটে গৃহবধূ গণধর্ষণের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত, যা দেশের জন্য মঙ্গলজনক নয়। এসব ঘটনা সরকারি দলের দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই নয়। গতকাল সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কবিরহাটের ধর্ষিত সেই গৃহবধূকে দেখতে গিয়ে এসব কথা বলেন মওদুদ। এ সময় তিনি ওই নারীকে আর্থিক সহযোগিতাও করেন।
নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, যেখানে ঘটনায় মামলার প্রধান আসামি ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজনে ধর্ষণের কথা বলেছেন; সেখানে ডাক্তারি রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি! এটা খুবই দুঃখজনক। আমরা চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত নির্যাতিতাকে আইনি সমর্থন দিয়ে যাব।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে মওদুদ আহমদ বলেন, নীলনকশা অনুযায়ী নির্বাচন হয়েছিল। কোনো ভোটার ভোট দিতে পারেনি। আমার নির্বাচনী এলাকায় ভোটের আগের রাতে ৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। প্রিসাইডিং ও পোলিংসহ সবাই মিলে ভোট দিয়েছে। স্থানীয় লোকজন সবাই দেখছে। নির্বাচন পূর্ববর্তী মিথ্যা মামলায় এখনো আমাদের অনেক নেতাকর্মী জেলহাজতে রয়েছে। এখন আমরা তাদের সুরক্ষায় কাজ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি প্রমুখ। উৎস: দৈনিক আমাদের সময়।




