বোনের অপেক্ষায় বুলবুল
বিনোদন ডেস্ক: বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও শিল্পাঙ্গনে। তার অকালে চলে যাওয়া সহকর্মীদের কেউ-ই মেনে নিতে পারছেন না। শোকে স্তব্ধ সবাই।মঙ্গলবার ভোররাতে মৃত্যুবরণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। চিকিৎসকের তাকে মৃত ঘোষণার পর বুলবুলের লাশ রাখা হয়েছে আফতাব নগরের বাসায়। সেখানে জড়ো হয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, চলচ্চিত্র শিল্পীসহ শিল্পাঙ্গনের সবাই। তার লাশ দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছেন না। কান্নায় ভেঙে পড়ছেন।
বরেণ্য এ শিল্পীর লাশ আগামীকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে বেলা ১১টায় তাকে সর্বস্তরের জনতা শেষ শ্রদ্ধা জানাবেন।তবে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বোন দেশে ফিরলে। বিষয়টি নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, বুলবুলের জানাজার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একমাত্র ছেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।তিনি জানান বলেন, বুলবুলের দুই বোন। একজন থাকেন বিদেশে। তিনি ফিরবেন বুধবার সকালে। তার জন্য অপেক্ষা করা হবে।
বুলবুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হবে বুলবুলের লাশ। আগামীকাল বুধবার বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে।সেখানে বরেণ্য এ শিল্পী ও মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হবে এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। পর্বটি পরিচালনা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে নেয়া হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলের লাশ। সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। বরেণ্য এ শিল্পীর মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে ‘মেঘ বিজলী বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন।সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনকচাঁপাসহ বাংলাদেশি প্রায় সব জনপ্রিয় সংগীতশিল্পীর গাওয়া বহু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। ১৯৭৬ সাল থেকে তার নিয়মিত গান করা। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি গান লিখেছেন ও সুর দিয়েছেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুল তিন শতাধিক চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার ছেলে সামির আহমেদ।বুলবুল রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।




