বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে, বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। উপজেলা নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে নিজ বাড়িতে সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ব্যবসায়ী ছালাহ উদ্দিন (৪৫) ও তার ছেলে সৌরভ (১২)।এলাকাবাসী জানান, উপজেলা নরোত্তমপুর গ্রামে বাড়ির পুকুরে ওইদিন পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিকাল ৫টার দিকে ছালাহ উদ্দিন পুকুরে গোসল করতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ সময় ঘটনাস্থলে থাকা একমাত্র ছেলে সৌরভ তার বাবাকে উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে সেও মারা যায়।বাড়ির লোকজন পুকুরে এলে বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে থাকা মৃত অবস্থায় দেখে চিৎকার করে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন।পরে কর্মকর্তারা এসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।কবিরহাট থানার ওসি মির্জা মো. হাসান যুগান্তরকে জানান, নরোত্তমপুর ইউনিয়নে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




