মন্ত্রিসভায় ম্যাজিক নিয়ে আসছেন শেখ হাসিনা
নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ৩০ ডিসেম্বর। এতে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে ৩ জানুয়ারি নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার পরেই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা শেখ হাসিনাকে। একই সঙ্গে ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সঙ্গত কারণেই মন্ত্রিসভা গঠনের হিসেব নিকাশ কষছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে মন্ত্রিসভায় কাকে কোন দপ্তর দেবেন তা শেখ হাসিনাই জানেন। তবে এবার শেখ হাসিনা মন্ত্রিসভায় ম্যাজিক নিয়ে আসছেন বলে দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। অর্থাৎ টানা তৃতীয়বারের মতো সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। ফলে মন্ত্রিসভা গঠনের এখতিয়ার শেখ হাসিনারই। এরই প্রেক্ষিতে এবার মন্ত্রিসভা তরুণ-প্রবীনদের সমন্বয়ে করা হচ্ছে। দশম নির্বাচনের পর মন্ত্রিসভায় তরুণদের যতটুকু মূল্যায়ণ করা হয়েছিল, তারচেয়েও একতৃতীয়াংশ বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবার। যার কারণে তরুণ সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতা হওয়া সত্যেও আগে যারা মন্ত্রীত্ব পাননি তাদেরকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। এমনকি দলের হেভিওয়েট নেতাদের মধ্যে যারা দলীয় মনোনয়নবঞ্চিত হয়েছিলেন তারাও টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রিসভায় আসতে পারেন। অর্থাৎ নতুন মন্ত্রিসভায় ম্যাজিক নিয়ে আসছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা মনে করেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় লাভ করলেও দশম সংসদ নির্বাচন ছিল একটি বড় চ্যালেঞ্জ। তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দশম নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও এবার দলটির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশগ্রহণ করে। যা ছিল আওয়ামী লীগের জন্য ভীতির কারণ। তারপরেও সারা দেশে ৮০ শতাংশ ভোট পড়লেও আওয়ামী লীগ ৭৬.৫৩ শতাংশ পেয়ে ভোট বিপ্লবের ‘ম্যাজিক; দেখিয়েছে দলটি। তবে এ নির্বাচনে বিপুল বিজয়ের মূল চালিকাশক্তি হচ্ছে ‘শেখ হাসিনা ম্যাজিক’। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, রাজনীতি, স্বচ্ছতা, সততা, যোগ্যতা ও দক্ষতার প্রতি ছিল জনগণের অকুন্ঠ সমর্থন। সঙ্গত কারণেই এবারের মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে, তা দলের সংসদীয় নেতা শেখ হাসিনাই জানেন। তবে এবারের নির্বাচনের মতো মন্ত্রিসভায়ও ম্যাজিক নিয়ে আসছেন শেখ হাসিনা।
এ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে। বিশাল একটা চমক আসবে মন্ত্রিসভায়। নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের পথচলা। তবে বিশাল জয়ের সঙ্গে চমকও থাকতে পারে। বিশাল বিজয়ের সঙ্গে বড় প্রত্যাশা। জনগণেরও একটা প্রত্যাশা রয়েছে। এ প্রত্যাশার প্রতিধ্বনি তো শেখ হাসিনাই করতে পারেন। মন্ত্রিসভা গঠেনর বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এরিয়া, এখানে অন্য কারও প্রবেশের সুযোগ নেই। এখানেই তো ‘শেখ হাসিনা ম্যাজিক’। উৎস: আমাদেরসময়.কম।




