246219

শপথ নেব না: ফখরুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না বলে স্পষ্টভাবে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দলটির চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে, সেখানে সারাদেশের ধানের শীষের প্রার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেছি, নির্বাচনের ফলও প্রত্যাখ্যান করছি। তাই শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন হয়েছে, তা আমরা আগেই প্রত্যাখ্যান করেছি। নির্বাচনের ফলও আমরা প্রত্যাখ্যান করেছি। এখন লিখিত স্মারকলিপি দিতে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি।বিএনপি মহাসচিব বলেন, আমাদের বক্তব্যগুলো স্মারকলিপিতে লেখা আছে। এটি নিয়ে প্রায় ১৫ জনের একটি প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে।একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি না— জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা তো আগেই এই নির্বাচন ও নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। এখানে শপথের প্রশ্ন আসছে কেন? আমি পরিষ্কারভাবে বলছি, আমরা শপথ নেব না।

অবশ্য এর আগে, বৃহস্পতিবারের এই বৈঠকে যোগ দিতে আসা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা অবশ্যই সংসদে যাবেন এবং সংসদে তাদের ভূমিকা পালন করবেন।এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়ার কথা ছিল ধানের শীষের সব প্রার্থীর। তবে গুলশানের বৈঠকে সিদ্ধান্ত হয়, সব প্রার্থীদের বদলে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যাবে ইসিতে।

ad

পাঠকের মতামত