‘নৌকায় ভোট দেওয়ায় হামলা’
ফরিদপুর-৪ আসনে নির্বাচন পরবর্তী স্বতন্ত্র এমপির সমর্থকদের সহিংসতা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বুধবার (২ ডিসেম্বর) ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ প্রশাসনের ওপর হতাশা প্রকাশ করে বলেন, নির্বাচনের পরপরই স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকেরা নৌকার কয়েকশ সমর্থকের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে।
তিনি বলেন, স্বতন্ত্র এমপির লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনীর অত্যাচার ৭১ সালের পাকবাহিনীর নির্মমতাকেও হার মানিয়েছে। কাজী জাফরউল্লাহ অভিযোগ করে আরো বলেন, নৌকার সমর্থকদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানালেও তারা কোন ব্যবস্থা নেননি।তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের মানুষ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) এখনও স্বতন্ত্র প্রার্থী ও তার গুণ্ডা বাহিনীর ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছে।এ সময় তিনি উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ অঞ্চলের মানুষ নেত্রীর কথায় নৌকায় ভোট দিয়েছিল। এখন এই ভোট দেওয়াটাই যেন পাপ হয়ে দাঁড়িয়েছে।
কাজী জাফরউল্লাহ এ হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, চরভদ্রাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ কাউসার প্রমুখ।অভিযোগের ব্যাপারে জানতে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।




