থার্টি ফার্স্ট নাইটে ছাত্রীকে ধর্ষণ
থার্টি ফার্স্ট নাইটে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মুখবেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কৌশলে ঘরে ঢুকে এমন কাজ করেছে এক বখাটে যুবক। এ ঘটনায় অভিযুক্ত বখাটেকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী গ্রেফতার হয়েছে। মামলা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দশম শ্রেণির ওই ছাত্রীর কক্ষে কৌশলে ঢুকে লুকিয়ে থাকে ওই বখাটে। রাত সোয়া ১২টার দিকে ওই বখাটে ছাত্রীর মুখবেঁধে ধর্ষণ করে।একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে আশ-পাশের লোকজন এসে ওই বখাটেকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।আটক রাকিব হাসান কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণপাইকসা গ্রামের মাজে শেখের ছেলে।ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, রাকিব নামের ওই যুবক দশম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। এতে বাধা দেয়ায় প্রতিশোধ নিতেই এমন কাজ করেছে ওই যুবক।




