‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’
বগুড়ায় বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে নতুন বই নিল শিক্ষার্থীরা। নতুন বই পাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। মঙ্গলবার সকাল থেকে স্কুলে স্কুলে শিক্ষার্থীরা তাদের অভিভাবকের হাত ধরে চলে আসে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উৎফুল্ল মনে বিনামুল্যে নতুন বই দেখেছেন।বগুড়ায় মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসব হয় বগুড়া শহরে অবস্থিত জিলা স্কুলের আমিনুল ইসলাম দুলাল অডিটোরিয়ামে ও প্রাথমিক স্তরের বই বিতরণ উৎসব হয় বগুড়া শহরের খান্দারের অবস্থিত ঠনঠনিয়া প্রাথমিক বিদ্যালয়ে।
বগুড়া জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার প্রাথমিক ও প্রাক প্রাথমিক পর্যায়ে চাহিদার বিপরীতে শতভাগ বই আসায় তা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এর মধ্যে জেলার ২ হাজার ৭ শত ৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয় ১৯ লাখ ৯৩ হাজার ৫ শত ৭২টি। মাধ্যমিক পর্যায়ে সব মিলিয়ে ৫২ লাখ ৮১ হাজার ৬শত ৬৩টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৫২ লাখ ৭৭ হাজার ২শত ৮৩টি। এসব বই প্রথম দিনেই বিতরণ করা হয়। বই বিতরণ উপলক্ষে বগুড়া শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছিলো আনন্দ উৎসবের উচ্ছাসিত ঢেউ। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে মুখে ছিলো অনাবিল হাসি।
বগুড়া জিলা স্কুল ও ঠনঠনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরন উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মাদ বিনামুল্যের বই বিতরন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নতুন বই পেয়ে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী প্রিয়াংকা ঘোষ আনন্দে আত্মহারা হয়ে বললো ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।বগুড়া জিলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আমিনুল ইসলাম জানান, ছেলে জিলা স্কুলে নতুন বই নিতে গেছে। তার জন্য অপেক্ষা করছি। ছেলের সাথে তিনিও নতুন বই দেখার ইচ্ছায় অপেক্ষা করছেন।




