পুলিশের ওপর হামলা, আটক স্বতন্ত্র প্রার্থী
নিউজ ডেস্ক।। ময়মনসিংহ-৬-(ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভোট শুরুর আগে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমবার রাত পৌনে দশটার দিকে ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, ভোটের দিন সকাল সাড়ে ৭টার দিকে তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, মারধর ও সরকারি কাজে বাধা দেয়া হয়। এ ঘটনায় মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন পুলিশ এএসআই জাহাঙ্গীর। মিন্টু ওই আসনের জাসদের প্রার্থী থাকলেও পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক।




