242551

৩০ ডিসেম্বর আওয়ামী লীগের পতন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পতন হবে। মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশনের আচারণ দেখে মনে হচ্ছে, ইসি ৭১ সালের আল বদর, আল শামস বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ক্ষমতাসীনদের বিজয়ী করতে।তিনি বলেন, ১৯৭১ সালে জনগণ যেভাবে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছে, ঠিক একইভাবে আগামী ৩০ তারিখের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীনদের পরাজিত করবে।

এর আগে রক্তমাখা পাঞ্জাবি পরেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন গয়েশ্বর চন্দ্র রায়। কার্যালয়ে পৌঁছালে দেখা যায়, তার মাথার কয়েকটি স্থানে ব্যান্ডেজ রয়েছে। এসময় গয়েশ্বরকে অনেকটা নিস্তব্ধ দেখা যায়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে কার্যালয়ের দ্বিতীয়য় তলায় নিয়ে যান।এরপর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।এদিকে বিকেলে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচারণায় হামলা চালানোর অভিযোগ ওঠে।এ বিষয়ে স্থানীয় নেতা অ্যাডভোকেট কাউসার আহমেদ বলেন, চুনকটিয়া এলাকায় প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে কদমতলী যাচ্ছিলেন গয়েশ্বর।

পথে পরিচর্যা হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে তাদের ওপর হামলা করা হয়। এতে গয়েশ্বর রায়সহ ২০-২৫ জন আহত হন। তখন রক্তাক্ত অবস্থায় একটি দোকানে অনেক সময় অবরুদ্ধ ছিলেন গয়েশ্বর। পরে সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়। হামলায় আহত গয়েশ্বরকে চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারী মো. শাহিন বলেন, আওয়ামী লীগের লোকজন স্যারের মাথায় আঘাত করেছে। স্যার গুরুতর আহত হয়েছেন।

ad

পাঠকের মতামত