242547

‘নিরপেক্ষ হয়ে যান, সময় মাত্র দুই দিন’

শরীয়তপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী আবু তাহেরকে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছে।সোমবার সকালে ডাকযোগে পাঠানো এ চিঠি জেলা প্রশাসকের হাতে এসে পৌঁছায়।নাম ও স্বাক্ষর না থাকা চিঠিতে বলা হয়, ‘বর্তমান সময়ে আপনার সব কার্যকলাপ পক্ষপাতমূলক, দৃষ্টিকটূ ও আপত্তিকর। মনে হয় আপনি প্রজাতন্ত্রের কেউ নন, যেন একজন আওয়ামী লীগ নেতা। মনে হয় আপনারা সব খবর রাখেন না। নির্বাচনের আগে-পরে একটা কিছু তো ঘটবেই। এবার কিন্তু আওয়ামী লীগ টার্গেট নয়। টার্গেট হচ্ছেন আপনি, তবে ভিন্ন কৌশলে। প্রথমে আপনার পরিবার-পরিজন এবং পরে আত্মীয়-স্বজন ও স্থাবর-অস্থাবর সব সম্পদের ওপর আক্রমণ ও চরমভাবে আঘাত করা হবে।’

‘আগামী দুই দিনের মধ্যে যদি আপনি শতভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারেন তবে ঘোষণা মোতাবেক অ্যাকশন। যেখানে যেভাবে পাওয়া যাবে আক্রমণ হবেই হবে, সময় মতো হবে। আপনার জন্য আপনার বউ-সন্তান বিপদে। নিরপেক্ষ হয়ে যান, সময় মাত্র দুই দিন। আপনার কাজের সব তথ্য জমা হচ্ছে। আওয়ামী লীগের যত বেশি দালালি করছেন আপনার অপরাধের বোঝা ততই ভারী হচ্ছে,’ যোগ করা হয় চিঠিতে।এবিষয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘আমি কোনো বেনামি ও উড়ো চিঠিতে ভীত ও বিচলিত নই। আমি নির্বাচন কমিশনের বিধি-বিধানের আওতায় থেকে আমার পবিত্র দায়িত্ব পালন করছি। কাজেই এ ধরনের হুমকি আমার কাজে প্রভাব বিস্তার করতে পারবে না।’

তিনি জানান, চিঠির একটি কপি পুলিশকে দেয়া হয়েছে, তারা বিষয়টি তদন্ত করবে।জেলা সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসককে চিঠি দিয়ে হুমকি দেয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

ad

পাঠকের মতামত