প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আঘাত করবেন না: মাশরাফি
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা যেন শারীরিক ও মানসিকভাবে আঘাত না পান সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।রোববার বেলা ১১টায় নড়াইলে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাশরাফি বলেন, আমার প্রতীক নৌকা। আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান। আপনাদের মাঝেই বড় হয়েছি।আমার কোনো ভুল-ত্র“টি হলে ক্ষমা করে দেবেন। নির্বাচনে আমাকে সহযোগিতা করবেন। আমি নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট মোল্যা খবির উদ্দিন, অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী প্রমুখ।




