সেনাবাহিনীর কাজ দেখে খুশি হতে চাই : নজরুল
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সরকার চায় না আমরা নির্বাচন করি। নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে আমাদের চাপ প্রয়োগ করছে।সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম বলেন, প্রার্থী ঘোষণার পর থেকে ৬ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, আটজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৬ জন প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। এ পর্যন্ত চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বললেও বীর প্রতীকদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বিএনপি প্রার্থীদের প্রচারণায় তারা প্রতিনিয়ত আক্রমণ করছে। কিন্তু এতে আমরা মোটেও ভীত নই। কারণ সরকার জানে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের জেতার সম্ভাবনা নেই। এ সরকারকে শুধু হামলাবাজ নয়, মামলাবাজ সরকারও বলা যায় যায়। সেনাবাহিনী নেমেছে এটা শুনে আমরা খুশি হয়েছি এখন তাদের কাজ দেখে খুশি হতে চাই।পেশাজীবী পরিষদের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি ও ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।




