‘আদালত আওয়ামী লীগকে আসনগুলো উপহার দিয়েছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করে বলেছেন, আদালত ধানের শীষের বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল করে ওই আসনগুলো আওয়ামী লীগকে উপহার দিয়েছে।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম বলেন, বিএনপির ১৬ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ভাবছে এই আসনগুলোতে তাদের জয়ের পথ সুগম হয়েছে। গ্রেপ্তার হওয়ায় ধানের শীষের প্রার্থীদের জনপ্রিয়তা আরও বেড়েছে।ধানের শীষের প্রার্থীরা ঘর থেকে বের হতে পারছেন না দাবি করে নজরুল ইসলাম বলেন, সরকার হেরে যাওয়ার ভয়ে রিস্ক নিতে চায় না। নির্বাচন করতে দিতে চায় না। ধানের শীষের প্রার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের এসব বাধায় আমরা বিচলিত নই।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তাফা মহসীন মন্টু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, ড্যাব সভাপতি এক এম আজিজুল হক, ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন প্রমুখ। সূত্র: বাংলাদেশ জার্নাল




