241660

‘সেনা নামলে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক হতে পারে’

সেনাবাহিনী মাঠে নামলে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করে ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামীম আরা বলেছেন, ‘আমরা কোনো বাড়তি সুবিধা চাই না। সমান সুযোগ চাই। দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।’এ ছাড়া নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার চার কর্মীকে আটক করার অভিযোগও করেন শিামীম আরা। আজ রোববার দপুরে রাজধানীর রামপুরা এলাকায় গণসংযোগকালে প্রচার মিছিলের পেছন থেকে ওই কর্মীদের আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি প্রার্থী শামীম আরা সাংবাদিকদের জানান, আজ সকাল ১১টায় বনশ্রী আইডিয়াল কলেজের সামনে থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে রামপুরা এলাকায় পৌঁছালে তারা মিছিলের পেছন থেকে তিন জনকে আটক করে পুলিশ। পরে কর্মসূচি শেষ করে বাড্ডা এলাকায় গেলে সেখান থেকে আরও একজনকে আটক করা হয়।বিএনপির এ প্রার্থী আমাদের সময়কে বলেন, ‘নেতাকর্মীদের দেখামাত্র আটক করা হচ্ছে। সবাই আতঙ্কের মধ্যে আছে। সে রকম কোনো প্রচার চালাতে পারছি না। কয়েকজন মহিলা কর্মীকে সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি। যেভাবে সারাদেশে প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। এতে করে আমার ওপর হামলা হলে বাঁচাবার মতো কেউ নেই।’

ad

পাঠকের মতামত