241800

তলে তলে তারা কী ষড়যন্ত্র করছে তা নিয়ে আমরা শঙ্কিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে নেতা নেই, মাথা নেই। নেতা ছাড়াই নির্বাচন করছে। বিএনপি আইন মানে না। নির্বাচন কমিশন মানে না। তারা বলে নিরপেক্ষতা নেই। নিরপেক্ষতার সহজ সরল সংজ্ঞা তারা মানে না। তারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে না। তলে তলে তারা কী ষড়যন্ত্র করছে তা নিয়ে আমরা শঙ্কিত।রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সারা দেশে নৌকার গণজোয়ার। ১৯৭০ সালেও জনতার এত ঢল দেখিনি। জনতার এমন ঢলই বলে দেয় নৌকার বিজয় নিশ্চিত।

তিনি বলেন, বিএনপি দিয়েছে খুন, সন্ত্রাস। তারা আগুন সন্ত্রাস। ক্ষমতা এলে আবারও দুর্নীতি করবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। শপথ নিন বিজয়ের এ মাসে স্বাধীনতার শত্রুকে ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে বিদায় দেয়ার।সেতুমন্ত্রী আরো বলেন, নেত্রী বলেছেন গ্রামকে শহরে রূপান্তর করবেন। এরই মধ্যে অর্ধেক গ্রাম শহর হয়ে গেছে। বাকি গ্রামগুলোকে আধুনিক শহরে পরিণত করা হবে। নৌকায় ভোট দিলে আগামী ৮ মাসের মধ্যে ১০০ ভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস যাবে। প্রত্যেক পরিবারের একজন করে চাকরি দেয়া হবে। চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু ও আওয়ামী লীগ নেতা শাসছুল ইসলাম পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ad

পাঠকের মতামত