দেশের তৃতীয় শক্তি জাকের পার্টি : আমির ফয়সাল
জাকের পার্টিকে দেশের ‘তৃতীয় শক্তি’ উল্লেখ করে দলটির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী বলেছেন, ‘২০০৮ সালে নির্বাচনের সময় আওয়ামী লীগকে সর্বপ্রথম সমর্থন জানিয়েছিলাম আমরা। জাকের পার্টি পাশে না থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকতে পারতো না।’ আজ শুক্রবার বিকেলে কুমিল্লা-৮ আসনে (বরুড়া) এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আমির ফয়সাল বলেন, ‘বিএনপি জামায়াতের শাসনামলে সিরিজ বোমা হামলার কারণে জাকের পার্টি দেশব্যাপী গ্রামেগঞ্জে পাহারা দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। জাকের পার্টি পাশে না থাকলে আওয়ামী লীগ গত দশ বছর ধরে ক্ষমতায় টিকে থাকতে পারতো না।’এ সময় জাতীয় পার্টি এখন বিলুপ্তির পথে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি এখন ড. কামাল, আবদুর রবদের উপর নির্ভরশীল। দেশে এখন তৃতীয় শক্তি জাকের পার্টি। সকলের কাছে গোলাপ ফুল মার্কায় ভোট চাই।
জাকের পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘এবার আমরা দেশের প্রয়োজনের নির্বাচনে অংশগ্রহন করেছি। আওয়ামী লীগ স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। আর জাকের পার্টি মুক্তিযোদ্ধের চেতনার বিশ্বাস নিয়ে প্রেমের বাশি বাজিয়ে দল প্রতিষ্ঠিত করেছে। মনে রাখতে হবে, তৃতীয় শক্তি হিসেবে জাকের পার্টিকে প্রয়োজন আছে।’ফয়সাল বলেন, ‘সরকার দেশের উন্নয়ন করেছে সত্য, তবে ধনীরা আরো ধনী হয়েছে, মেহনতি মানুষের কোনো উন্নয়ন হয়নি। ক্ষুধা ও দারিদ্র রয়ে গেছে। আমরা ক্ষমতায় গেলে ধান, চালের প্রতি গুরুত্ব দেবো। রাস্তা, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি পরিকল্পনা মাফিক দেশকে এগিয়ে নেবো। দেশের রাজনীতি এখন দুর্বৃত্তায়নের হাতে, এ কারণে ভালো মনের মানুষ, সাংবাদিক, শিক্ষক, আলেম, লেখক ও গুণীজনরা রাজনীতি থেকে অনেক দূরে। তার অবসান করবো।’
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাওলানা মুফতি শরিফুল ইসলাম সাইফির সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, জাকের পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ওবায়দুর রহমান, কুমিল্লা (দঃ) জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার, উত্তর জেলা সভাপতি অ্যাড. আবদুল হালিম, চাঁদপুর জেলা সভাপতি কাজী মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী সেলিম কবির।




