240939

বিত্তবান শুধু নয়, নিম্নবিত্তদের জন্যও কাজ করে আ.লীগ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আসি নাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করাই লক্ষ্য, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে আসি নাই। কাজেই আমাদের একটায় কাজ যে, মানুষের জন্য শুদ্ধ পানির ব্যবস্থা ও সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা। চিকিৎসা সেবার জন্য ওই ঢাকা মেডিকেলে যাওয়া লাগতো। কিন্তু আজকে প্রতিটি এলাকায় এলাকায় হাসপাতাল করেদিয়েছি যেখানে গেলে চিকিৎসা পাবেন। বিশেষায়িত হাসপাতাল করে দিয়েছি।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘ঢাকায় আমি জানি বস্তিবাসী রয়েছেন। এই বস্তিবাসীরা মানবেতর জীবনযাপন করেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে অবস্থায় তারা রয়েছেন সেই অবস্থায় তারা থাকবে না। তারা যাতে ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারে। বহুতল ভবন করে, ফ্ল্যাট নির্মাণ করে যারা স্বল্পহারে মানুষ তাদের জন্য ফ্ল্যাট ভাড়া করার ব্যবস্থা করব। অন্তত সেই ফ্লাটগুলো দৈনিক হারে, মাসিক হারে যে যেভাবে চাইবে ভাড়া দিতে পারবে। সেই প্রকল্প হাতে নিয়েছি।’শেখ হাসিনা বলেন, ‘আমরা যারা অর্থশালী-বিত্তশালী শুধু তাদের মুখের দিকে তাকাই না। যারা নিম্নবিত্ত তাদের কথা চিন্তা করেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। জঙ্গিবাদ-সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে নেই। আপনাদের মনে আছে এই গুলশানে হরি আর্টিজানে যখন জঙ্গি আক্রমণ হলো। অনেকেই মনে করেছিল, এই অবস্থার উদ্ধার করা সম্ভব হবে না। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমরা মাত্র ৮-৯ নয় ঘণ্টার মধ্যে সেই জঙ্গিদেরকে দমন করেছিলাম।’জঙ্গি ও মাদকের হাত থেকে দেশকে রক্ষা করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সামনে যে উপস্থিত হয়েছি-আমরা চাই যে, নৌকা মার্কা এই নৌকা মাকায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ বাংলা ভাষা মাতৃভাষায় কথা বলতে পারছে। এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে আজকে সকলের জীবনমান উন্নত হচ্ছে।’

ad

পাঠকের মতামত