‘ডিএনএ টেস্ট করে আ’লীগ হতে হবে’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে চাকরি পেতে হলে ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ হতে হবে।শুক্রবার নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ বলেছিল- ঘরে ঘরে তরুণদের চাকরি দেবে। হ্যাঁ, চাকরি আছে। তবে ১২ লাখ টাকা খরচ করে চাকরি পেতে হয়। তা-ও ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ হতে হবে।সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা বারবার বলে দেশের উন্নয়ন হয়েছে। হ্যাঁ উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে তাদের। তাদের পকেট ভারি হয়েছে। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, পানির দাম, চালের দাম, বাড়ি ভাড়ার দাম বাড়ছে। রাস্তায় খানাখন্দে ভরা। শেয়ারবাজার লুট করেছে, ব্যাংক লুট করেছে।
বিএনপির মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় গেলে তরুণদের চাকরি দেব। চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেব। আমরা মেয়েদের বিনা বেতনে উচ্চশিক্ষা করার সুযোগ দেব, সব হত্যাকাণ্ডের বিচার হবে। এই দেশে ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত দেওয়া যাবে না। দাড়ি-টুপি পরলেই জঙ্গি বললে চলবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর হামলা করা যাবে না। সব ধর্মের দেশ বাংলাদেশ।এ সময় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মানুষ ততই জেগে উঠেছে, তাই শেখ হাসিনার সরকার ভয় পেয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। আমরা যা বলি তা শুধু শুনেন। কোনো ব্যবস্থা নিতে পারেন না। অসহায়। নির্বাচন কমিশনকে বলতে চাই, কোমর সোজা করে দাঁড়ান। সংবিধান ও রাষ্ট্র আপনাকে যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছে তা সঠিকভাবে পালন করুন। না পারলে চলে যান। কিন্তু কোনো অন্যায় করবেন না। অন্যায় করলে জনগণ মেনে নেবে না। সূত্র: যুগান্তর




