আপনাদের সঙ্গে ছিলাম-আছি-থাকব: সোহেল তাজ
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে গণসংযোগ করে ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বুধবার কাপাসিয়া বাজারে বিকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন।প্রথমে তিনি কাপাসিয়া প্রেসক্লাবে সংবাদিকদের ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কাপাসিয়া বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।গণসংযোগ শেষে রাতে কাপাসিয়া বাজারে এক পথসভায় তিনি বলেন, আমার প্রতিচ্ছবি আমার বোনের মাঝে। আমাকে যেভাবে নির্বাচিত করেছিলেন। ৩০ তারিখের নির্বাচনে বড়বোন রিমিকে ফের নির্বাচিত করে কাপাসিয়া উন্নয়ন করার সুযোগ করে দেবেন। আমি আপনাদের সঙ্গে পূর্বে ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকব।
তিনি বলেন, গত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আগামী ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছরপূর্তি পালন এবং দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।এ সময় তার সঙ্গে ছিলেন রিমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক প্রবীণ আওয়ামী নেতা আ. কবির মাস্টার, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হালিম খোকন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধানসহ দলীয় অসংখ্য নেতাকর্মী।




