আপনাদের এমন ভয় কেন : চরমোনাই পীর
বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে সন্ত্রাস কায়েম করেছে। তাই তারা বলে বেড়াচ্ছে নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মী মারা যাবে এবং লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া হবে। আমার প্রশ্ন, আপনাদের এমন ভয় কেন?’আজ বুধবার দুপুরে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় হাতপাখা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘এই পাঁচ বছরে আওয়ামী লীগের ভাগ্য বদল হয়েছে, জনগণের ভাগ্য বদল হয়নি। জালেমের হাত থেকে মুক্তির জন্য আমরা ভোট চাই। এখনকার রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ এদেশে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিজয় অনিশ্চিত জেনেই তারা ভোট কেন্দ্রে ভোট চুরি, ভোট ডাকাতি করতে চায়।’
ভোটারদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘তারা ভোট চুরি বা ডাকাতি করার আগেই আপনারা ভোট দেবেন। তারা ভোট চুরি করতে যেন না পারে। আপনার ভোটের রায়ে যেন কোনো সুদখোর বা চোর সংসদে না যায়। সুদখোর বা চোরদের সংসদে পাঠালে তাদের সাক্ষী হিসেবে থাকবেন। আমরা আর কোনো প্রতারক বা চোরকে ভোট দিয়ে সংসদে পাঠাব না।’এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, নীলফামারী-৪ আসনের হাতপাখার প্রার্থী শহিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি মো. সদর উদ্দিন, সেক্রেটারি হাফেজ নুরুল হুদা প্রমুখ।পথসভায় শত শত দলীয় নেতাকর্মী হাতপাখা মার্কার ব্যানারসহ উপস্থিত ছিলেন। পথসভা শেষে চরমোনাই পীর রংপুরের তারাগঞ্জের উদ্দেশে রওনা দেন।




