239836

দুর্নীতিতে জিরো টলারেন্স দেখাবে আ.লীগ

এবার ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে বলে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দলের ইশতেহার ঘোষণা করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলটি তাদের ইশতেহারে জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের মাধ্যমে দেশ থেকে যেভাবে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে, একইভাবে সামনে ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করে দেশকে দুর্নীতি মুক্ত করা হবে।

আর এ লক্ষ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো দক্ষ, কর্মক্ষম ও আধুনিক করা হবে বলে আওয়ামী লীগের ইশতেহারে জানানো হয়। সেই সঙ্গে মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি বন্ধে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কমিটিকে আরো ক্ষমতা প্রদান করা হবে জবাবদিহিতা গ্রহণের জন্য। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়া হয়েছে এবারের ইশতেহারে।দুর্নীতিমুক্ত সরকার গঠনে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে জানিয়ে ইশতেহারে বলা হয়, দেশের প্রতিটি স্থানে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে যাতে মানুষ সহজে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুসারে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধে সম্প্রতি দুই ধাপ এগিয়েছে।

ad

পাঠকের মতামত