স্বামীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগ নেত্রী বহিস্কার
কুড়িগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে জাতীয় পার্টি (জেপি) থেকে নির্বাচনে অংশ নেওয়া স্বামী মঞ্জুরুল হকের পক্ষে করার অভিযোগে উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলীকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ এবং সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে সাময়িকভাবে বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী মতি শিউলীকে দল থেকে কেন চূড়ান্তভাবে বহিস্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানো নোটিশের জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো.জাফর আলী জানান, মতি শিউলি নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে সাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া তার স্বামী মঞ্জুরুল হকের পক্ষে কাজ করছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।




