নির্বাচন করবেন না ইঞ্জিনিয়ার আনোয়ার
নির্বাচন না করার ঘোষণা দিলেন মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচনের ১৫ দিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।শনিবার রাতে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ইঞ্জিনিয়ার আনোয়ার।তিনি বলেন, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। যে কারণে কোথাও যেতে পারি না। কাজেই আমি আর নির্বাচন করব না। নির্বাচনকালীন সময়ে আমি ও আমার সমর্থকরা কোনো প্রচার-প্রচারণা করব না। যেহেতু আমার প্রতীক বরাদ্দ হয়ে গেছে, সেহেতু নির্বাচনে আমার প্রতীক থাকবে। যদি কেউ আমার প্রতীকে ভোট দেয়, দিতেও পারে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বলেন, গত ৭ ডিসেম্বরই সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন করব না। কিন্তু এরই মধ্যেই আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কাছ থেকে টাকা খেয়ে সরে যাচ্ছি। কাজেই নির্বাচন না করা ছাড়া কোনো উপায় দেখিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে প্রচার চালাতে পারছি না। এ অবস্থায় নির্বাচন করা আমার জন্য কঠিন। কাজেই আমি আমার সিদ্ধান্ত বদলেছি। নির্বাচনকালীন সময়ে আর এলাকাতেই যাব না।




