‘আ’লীগ প্রার্থী মনে করছে বিএনপি নিশ্চিত বিজয়ী হবে’
গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএ ফজলুল হক মিলনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী সম্পা হক।রোববার বিকালে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তাকে মুক্তি দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ দিতেও দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে সম্পা হক বলেন, ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবেন-এ কথা জেনে সরকার তাকে পুলিশ দিয়ে হয়রানি ও নির্যাতন করছে। তিনি সব মামলায় জামিনে ছিলেন।গত ১৩ ডিসেম্বর বিকালে বাড়িতে ফজলুল হক মিলন কর্মী সভা করছিলেন। এতে ৫-৬’শ নেতাকর্মী উপস্থিত ছিল। হঠাৎ গাজীপুর ডিবি পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে ফ্লিমি কায়দায় তাকে আটক করে। এসময় পুলিশ আতংক ছড়ানোর জন্য ফাঁকা গুলিবর্ষণ এবং নেতাকর্মীদের মারধর ও গাড়ি ভাংচুর চালায়।
সম্পা হক বলেন, একজন সাবেক এমপি এবং বর্তমানে প্রার্থীকে এভাবে তুলে নেয়া নির্বাচনের সমান সুযোগে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর পুলিশকে জামিনের কাগজপত্র দেখিয়েছি। পুলিশ তা আমলে নেয়নি।তিনি বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের প্রার্থী মনে করছে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন নিশ্চিত বিজয়ী হবে। এজন্য আমাদের নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য এসব করা হচ্ছে।তিনি আরও বলেন, ফজলুল হক মিলনকে ঢাকার রমনা থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ইসি বলেছিলেন পূর্বের কোনো মামলা এবং গ্রেফতারি পরোয়ানা না থাকলে নতুন করে কোনো মামলায় নেতাকর্মীকে গ্রেফতার ও হয়রাণী করা হবে না। মিলনকে গ্রেফতারের মাধ্যমে ইসির এ নির্দেশ অমান্য করেছে পুলিশ।
অন্যায় এ গ্রেফতারের ধিক্কার জানিয়ে অবিলম্বে ফজলুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবি জানান সম্পা হক। তিনি নিজের এবং নেতা কর্মীদের নিরাপত্তা, হামলা, মামলা বন্ধেরও দাবি জানান।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি হুমায়ূন কবীর মাস্টার, মনিরুজ্জামান খান লাভলু, থানা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক নয়ন বাগমার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সভাপতি আরমান মাস্টার, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর কবীর, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন, নাজমা বেগম, থানা কৃষকদল সভাপতি আফছার আহম্মেদ, জাসাস সভাপতি আলা উদ্দিন, নেছার আহম্মেদ নুহু, ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ছাত্রদল সম্পাদক শাহরিয়ার মাসুম, বিএনপির মুক্তিযোদ্ধা প্রজন্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর




