মাঠে নামছেন ড. কামাল-ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় তার অবর্তমানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।জানা যায়, সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় নামছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ লক্ষ্যে আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের সিলেট পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।অন্যদিকে মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় বিমানে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) নিজের আরেক নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতেন। এবার তিনি জেলে থাকায় সেটা আর হচ্ছে না।বিএনপি সূত্রে জানা গেছ, প্রথম ও দ্বিতীয় দিন নিজের দুই আসন ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ নির্বাচনী প্রচারণা শেষে বুধবার ঢাকায় ফিরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ড. কামাল হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ যেসব শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাদের নিয়ে দেশের গুরুত্বপূর্ণ জেলা, মহানগর সফর করবেন বিএনপির মহাসচিব।
অন্যদিকে নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে বিএনপি। নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।সোমবার রাতে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন পরিচালনা উপকমিটিগুলো গঠনের কাজ প্রায় চূড়ান্ত। মঙ্গলবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।




