উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ
নিউজ ডেস্ক।। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যানের উপ প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। এরশাদের সঙ্গে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এরশাদের এপিএস মো. মনজুরুল ইসলাম ও ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব।
রাত সাড়ে ৯টায় বারিধারার পার্ক রোডের বাসা থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এরশাদ। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে জাতীয় পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা রাঙ্গাঁর হাতে দিলেও এরশাদ নিজের অবর্তমানে ‘চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব’ পালনের দায়িত্ব দিয়ে গেছেন সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের হাতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তিনি অসুস্থ, সিএমএইচে ভর্তি আছেন, আবার তিনি সুস্থ- বিভিন্ন সময় দলের নেতাকর্মীদের মুখে এমন তথ্য শুনে গুঞ্জন শুরু হয়।
এমন গুঞ্জনের মধ্যে গত ৬ ডিসেম্বর হঠাৎ বনানী কার্যালয়ের সামনে হাজির হন এরশাদ। গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এর আগে সর্বশেষ গত ২০ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে কখনও বাসায় কখনও সিএমএইচে ভর্তি ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগের সাথে মহাজোটে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ২৯ জন প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এর বাইরে ১৩২ আসনে দলীয়ভাবে নির্বাচনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থীরা।




