আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহজাহান কামাল
লক্ষীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একই সাথে লক্ষীপুর-৪ রামগতি কমলনগর আসন থেকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে।আর লক্ষীপুর-২ রায়পুর থেকে আগেই জেলা জাতীয় পার্টির সভাপতি বর্তমান এমপি মো. নোমানকে মহাজোট থেকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শাহজাহান কামালের হাতে এবং মেজর (অব.) মান্নানের হাতে তাদের আলাদাভাবে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সদর আসন থেকে আওয়ামী লীগের দলীয়ভাবে বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে এবং লক্ষীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে বর্তমান এমপি আবদুল্লাহ আল মামুনকে দলীয় চিঠি দেন। ফলে দল ও মহাজোটের পক্ষে চূড়ান্ত গোলাম ফারুক পিংকু ও এমপি আবদুল্লাহ আল-মাহুন ছিটকে পড়লেন।
অপরদিকে লক্ষীপুর-৩ সদর আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা মহানগরের মো. পুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার ও লক্ষীপুর-২ রায়পুর আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন কুয়েত প্রবাসী কাজী শহীদ ইসলাম পাপুল। এ দিকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র হিসাবে এসব বিদ্রোহীরা নির্বাচনী মাঠে থাকলে ভোটে বড় ধরনের প্রভাবসহ বেকায়দায় পড়তে আওয়ামী লীগের দলীয় কিংবা মহাজোটের প্রার্থীরা এমন মত দিয়েছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।এ ব্যাপারে পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেন, ‘ইনশাল্লাহ শেখ হাসিনাকে এই আসন উপহার দেওয়া হবে।’ এছাড়াও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শাহজান কামাল বর্তমান বেসরকারী বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং মেজর (অব.) আবদুল মান্নান সাবেক মন্ত্রী ছিলেন।




