‘আমার বোন সরকারে থাকলে নির্বাচন করতে পারবো না’
এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা কাদের সিদ্দিকী বীর উত্তম। রবিবার দুপুরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হলে জেলা রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বের হয় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার বোন (শেখ হাসিনা) সরকার থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না। এজন্য আমি খুশি। প্রতিদ্বন্দ্বী সর্বোচ্চ চেষ্টা করবে বলে এটাই আমি আশা করছি।
তিনি আরও বলেন, আমার নির্বাচনে দাঁড়ানোটা বড় কথা নয়। আমি চাই নির্বাচনটা ভালো হোক। আমার সংগ্রাম হচ্ছে ভোটাররা যেন ভোট দিতে পারে। দেশে যেন গণতন্ত্র অব্যাহত থাকে, দেশে যেন সুশাসন থাকে, এখন যে কুশাসন চলছে এই শাসন ভালো না।মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তিনি বলেন, আমি ইলেকশন কমিশনে আপিল করবো। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন ইলেকশন কমিশন কখনও কোর্টে বাদী হবেন না। আমি এটিই দেখবার জন্যই ইলেকশন কমিশনে যাবো।
এসময় কাদের সিদ্দিকীর সঙ্গে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




