234244

এরশাদ কোথায় জানালেন হাওলাদার

গত কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে দেশের পত্রিকা গুলোতে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে। এ ব্যাপারেই সাংবাদিকরা দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চান এরশাদ কোথায় আছেন, কি করছেন?সেই প্রশ্নের উত্তরে রুহুল আমিন হাওলাদার বলেছেন, তিনি বাসাতেই আছেন। এমনকি সাংবাদিকদের খোঁজ নিয়েও দেখতে বলেছেন তিনি।শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ এর এমপি কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।আপনাদের পার্টির চেয়ারম্যান এখন কোথায় বা নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে সাংবাদিকেরা বিষয়টি নজরে আনলে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়ন জমা দিয়েছি।তার নির্বাচন আমরাই করছি। গত পাঁচ দিন আগে আমি বলেছিলাম যে তিনি ফিরে আসবেন।তিনি এখন বাসাতেই আছেন। আপনারা খোঁজ নিয়ে দেখুন।’তিনি বলেন, ‘তবে আমি আশা করি যত কথা পত্রিকার পাতায় আসুক, সত্যতা কেউ খুঁজে পাবে না, এগুলো বিভ্রান্তিকর। জনগণ আমাদের সাথে আছে। মানুষ আমাদের উপর আস্থা রাখেন। আমরা যে ৪৫ বছর ধরে রাজনীতি করছি এটাকে ধুলায় মিশিয়ে দেয়ার জন্য তারা যড়যন্ত্র করছে। তবে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের মাঝেই থাকব, সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখব।’তিনি বলেন, ‘এই যে কথাগুলো আসছে, মানুষ এগুলো সময়ের ব্যবধানে বুঝতে পারবে। সত্যতা নাই, এগুলো মিথ্যা বানোয়াট এবং কিছু কিছু লোক না পাওয়ার বেদনা থেকে এগুলো করছেন।

যারা এগুলো করছেন তারাও একসময় অনুতপ্ত হবেন।’জাপা মহাসচিব বলেন, ‘তিন (এরশাদ) যেহেতু প্রার্থী হয়েছেন এমুহূর্তে তিনি বাসায় আছেন। আমরা সকলে মিলে তার নির্বাচন করছি। তার মনোনয়নপত্র জমা হয়েছে। আমরা কাজ করছি এবং সমস্ত এলাকায় অফিস নেয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চলছে। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই।তিনি আরও বলেন, মাননীয় চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন।আপনাদের নিশ্চয় মনে পড়বে ৫/৬দিন আগে আমি নিজেই বলেছিলাম স্যার দুই একদিন পরে ফিরে আসবেন। এখন এসেছেন খবর নিয়ে দেখুন।মনোনয়ন বাণিজ্য নিয়ে প্রার্থীদের অভিযোগ ও জাতীয় পার্টির কার্যালয়ে মামলার বিষয়ে তিনি বলেন, অনেকে হতাশা থেকে এই অভিযোগ তুলতে পারেন। গণমাধ্যমে যে খবর এসেছে তার সত্যতা খুঁজে পাওয়া যাবে না। মনোনয়ন বাণিজ্যের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ad

পাঠকের মতামত