বিএনপি প্রার্থীকে অবাঞ্চিত ঘোষণা
গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে অবাঞ্চিত ঘোষণা করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।শুক্রবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর সভাপতিত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভায় দল বিরোধী কার্যকলাপ, এলাকায় না আসা, কর্মীদের বিপদে কোন খোঁজ খবর না নেয়া, দলীয় কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখা, নেতাকর্মীদের সাথে কোন যোগাযোগ না করে গোপনে নিজ কর্মচারির মাধ্যমে মনোনয়নপত্র জমাসহ বিভিন্ন অভিযোগ আনা হয় জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে।
এ সময় সকলের সম্মতিক্রমে সিরাজুল ইসলাম সিরাজকে গোপালগঞ্জ অবাঞ্চিত ঘোষণা করা হয়। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাছে তা প্রেরণ করা হয়।এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম মনিরুজ্জামান পিনু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শরীফ রাফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলুল কবীর দারা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, জেলা জাসাসের সভাপতি এ্যাড. ইমন, সাধারণ সম্পাদক এম এম মাহামুদ বক্তব্য রাখেন।




