ফখরুল যা বললেন ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বন্টন প্রসঙ্গে
নিউজ ডেস্ক।। আগামী ২৮ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবে বিএনপি। আর বাকী আসনগুলো আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করবে দলটি। রোববার মতিঝিলে ড. কামাল হোসনের অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৮ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করবে বিএনপি। আর বাকীগুলো আসনে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
তিনি জানান, ঐক্যফ্রন্টের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আসন বণ্টনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগির এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, সরকার ও নির্বাচন কমিশন বাঁধা না দিলে নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। কিন্তু নির্বাচন কমিশন এখনও নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।বৈঠকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মো. মনছুর, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, জগলুল হায়দার আফিক, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।




