মাশরাফির আসনে মিষ্টির ছড়াছড়ি
একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় মিষ্টি বিতরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে।ক্রিকেট অঙ্গনে মাশরাফির যেমন ভাবমূর্তি রয়েছে, রাজনীতিতেও তিনি উজ্জ্বল হয়ে উঠবেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন-এমন প্রত্যাশা সবার।‘নড়াইল এক্সপ্রেস’কে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। যাত্রীবাহী বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীসহ মাশরাফি-ভক্তরা। এ সময় মাশরাফি… মাশরাফি… স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
রোববার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।এদিন সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।নড়াইল-২ আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান।




