232079

শেষ মুহূর্তে রদবদল হতে পারে আওয়ামী লীগের প্রার্থী তালিকায়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে তৃণমূল নেতা-কর্মীদের আপত্তির মুখে শেষ মূহুর্তে কিছুটা রদবদল হতে পারে প্রার্থী তালিকায়।দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর ঢাকায় ছুটে আসেন মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা। গত মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার তারা গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষোভের কথা জানান।

সূত্র জানায়, গণভবনে দলের সভাপতির সঙ্গে দেখা করে নেতাকর্মীরা বলেছেন, জনবিচ্ছিন্ন এমপিদের মনোনয়ন দেওয়া হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। প্রার্থীদের পরাজয়ের পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে সংশয় ব্যক্ত করে নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে কিছু আসনে সংসদীয় মনোনয়ন বোর্ডে প্রাথমিকভাবে বাছাই করা আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন শেখ হাসিনা।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মনোনয়নবঞ্চিতদের বক্তব্য আমরা শুনেছি। তাদের দেওয়া তথ্য বিবেচনা করা হবে। আওয়ামী লীগ একটি বড় দল। সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। যারা যোগ্য অথচ মনোনয়ন পায়নি তাদেরও মূল্যায়ন করা হবে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন, নেত্রী তাদের কথা শুনেছেন। তিনি সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান, তাদের (বঞ্চিতদের) মনোনয়ন দেবেন কি দেবেন না—সেটা সম্পূর্ণ নেত্রীর এখতিয়ার।

ad

পাঠকের মতামত