তিন দিনে আওয়ামী লীগের ৪ হাজার ৩৫টি মনোনয়নপত্র বিক্রি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রী কেনার হিড়িক পড়েছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। ফুলে-ফেঁপে উঠছে দলীয় কোষাগার।আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়ন ফরম বেঁচা-কেনা। রোববার পর্যন্ত তৃতীয় দিনে মনোনয়ন বিক্রি হয়েছে ৮৩৫টি ফরম। এর আগে শুক্র ও শনিবার বিক্রি হয় ৩ হাজার ২০০ মনোনয়ন ফরম। মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ৩৫টি। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা। ফলে গত তিন দিনে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।
দেশের ৮টি বিভাগের জন্য পৃথক-পৃথক ৮ টি বুথের মাধ্যমে এ মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তৃতীয় দিনে ঢাকা বিভাগে-২২০টি, চট্টগ্রাম বিভাগে ১৮২, রাজশাহী বিভাগে ৭৯, রংপুর বিভাগে ৮৩, সিলেট বিভাগে ২৬, বরিশাল বিভাগে ৮৮, ময়মনসিংহ বিভাগে ৭২, খুলনা বিভাগে ৮৫। তৃতীয় দিনে সর্বমোট মোট ৮৩৫ টি ফরম বিক্রি হয়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হবে। আর ১৪ নভেম্বর দিনভর মনোনয়ন সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় সরকারসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন ও জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির টাকা প্রথমে তহবিলে জমা হয়। পরে দলের বিভিন্ন খাতে ব্যয় হয়। এরমধ্যে রয়েছে দলীয় কোনো কর্মী অসুস্থ, অসহায় গরীবদের সহায়তা, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলটির কেন্দ্রীয় এবং ধানমন্ডির কার্যালয়ের কর্মচারীদের বেতন ও বোনাস, আবাসন ও প্রশাসনিক খরচ, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি ও হোল্ডিং বাবদ, ত্রাণ কার্যক্রম, টেলিফোন, কুরিয়ার সার্ভিস, পত্রিকা বিল বাবদ, আপ্যায়ন বাবদ, পোস্টার লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, ব্যানার, মাইকিং, পোর্ট্রেট, প্রচার-প্রকাশনা, পরিবহন, যাতায়াত বাবদ, জনসভা, পথসভা, ঘরোয়া বৈঠক, নির্বাচনী ব্যয়, ত্রাণ, জনসেবা, আর্তমানবতার সেবা, বিভিন্ন অনুষ্ঠান, অফিস উন্নয়ন, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠনের অনুষ্ঠান, সাংগঠনিক খরচ, বিজ্ঞাপন, ব্যাংক চার্জসহ বিবিধ ব্যয় খাত।
এদিকে রোববার সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ জাতীয় দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন পত্র কেনা। বেলা সাড়ে ১২টার দিকে তিনি ধানমন্ডি কার্যালয়ে আসলে উপস্থিত জনতা তাকে বিপুল হর্ষধ্বনিতে স্বাগত জানান। মাশরাফি হাতে দলের মনোনয়ন ফরম তুলে দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি নড়াইল-২ আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন ফরম কেনার আগে তিনি গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে ফরম সংগ্রহে আসেন। এদিন আরো মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) সাইফুজ্জামান শেখর। তিনি মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে ভোটে লড়তে চান। এছাড়া ঢাকা-৮ আসনে দোলোয়ার হোসেন, বাগেরহাট-৪ আসনে এইচ এম বদিউজ্জামান সোহাগ, পাবনা-৫ থেকে মাজহারুল ইসলাম মানিক, ময়মনসিংহ-৭ থেকে নুরুল আলম পাঠান মিলন, চট্টগ্রাম-১১ আসনে আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বাগেরহাট-৩ শেখ নবিরুজ্জামান বাবুসহ আরো অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।




